কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া সৈকত থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ছয়টার দিকে জোয়ারের পানিতে ভেসে ওঠে মরদেহটি। পরে সকাল সাতটার দিকে পুলিশ তা উদ্ধার করে।
নিহত পর্যটকের নাম ইব্রাহিম খান (২৩)। তিনি ঢাকার জেডকেপি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত বুধবার বেলা সোয়া দুইটার দিকে সোনাদিয়া সৈকত থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে সুগন্ধা সৈকতে গোসলে নামেন তিনি। এ সময় তার চাচাতো ভাই মো. ইয়াসিন (২৫) সহ পাঁচজন সাগরে নামেন। বড় ঢেউয়ে ভেসে যান ইব্রাহিম ও ইয়াসিন।
পরে সি-সেফ লাইফগার্ডের সদস্যরা তল্লাশি চালিয়ে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইব্রাহিমের মরদেহটি শুক্রবার সকালে সোনাদিয়া সৈকতে ভেসে ওঠে। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে মহেশখালী থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।