আগামী নভেম্বরে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির বিদেশমন্ত্রীদের কাউন্সিল বৈঠকের পার্শ্ববর্তী আলোচনায় তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সাথে বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
দ্বিপক্ষীয় বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। পারস্পরিক স্বার্থ সংক্রান্ত ইস্যুতে আরও ঘনিষ্ঠভাবে সমন্বয় সাধনের প্রস্তুতির কথাও তারা জানান। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতায় উভয়পক্ষ সন্তুষ্ট। বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথ কার্যক্রম প্রসারিত করার লক্ষ্যে তারা একমত পোষণ করেছেন। আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর জোর দেওয়া হয়।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি জানান যে, শীঘ্রই অনুষ্ঠিতব্য কপ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা হবেন।