জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলমের মতে, ক্ষমতায় আসার ছয় মাস পরও বিএনপি সরকার ব্যর্থতার দিকে এগোচ্ছে। সরকার যে তিনটি খাতে বিশেষ নজর রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর মধ্যে জ্বালানি সরবরাহ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে তিনি মনে করেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। মধ্যবিত্ত শ্রেণির মানুষও ঋণগ্রস্ত হয়ে পড়ছেন এবং ঠিকমতো সংসার চালাতে পারছেন না। মানুষ পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না, বিদ্যুৎ থাকছে না। বিভিন্ন কলকারখানা থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে। তার মতে, বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে। তবে সরকার বিষয়টি স্বীকার করতে চাইছে না।

তিনি আরও জানান, জনগণের দাবি তুলে ধরতে তারা বিভাগীয় শহরগুলোতে লংমার্চ করছেন। বিরোধী দল ও শুভাকাঙ্ক্ষী হিসেবে তারা সরকারের ভুলগুলো তুলে ধরতে চান। তার দাবি ভাষায়, সরকারের প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতা মাঠপর্যায়ের মানুষের কাছে তুলে ধরা হচ্ছে এবং সরকার ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে পড়ছে।

স্থানীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির বিষয়ে এনসিপি নেতা জানান, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে কমিটি গঠন জরুরি। এ কারণে তারা দেশের বিভিন্ন জেলা সফর করছেন। প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, এবারের স্থানীয় নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে এনসিপির প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে এনসিপিকে একটি বড় রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা এবং আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হবে।

বিএনপিকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, সংসদকে সরকারদলীয় সংসদে পরিণত করার চেষ্টা দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ভালো ফল বয়ে আনবে না। বিরোধী দলকে গ্রহণ করতে এবং তাদের কথা বলার সুযোগ দিতে হবে। দেশের মানুষের জন্য কাজ করলে এনসিপি সরকারকে সহযোগিতা করবে। তবে সরকার যদি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যায়, তাহলে জনগণের পক্ষে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।