নওগাঁর রাণীনগরে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর সিফাত হোসেনকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত্রে তাকে আটক করা হয়। তিনি উপজেলার চক পারইল গ্রামের দুলাল হোসেনের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, গত বুধবার বিকেলে ওই শিশুটি গ্রামের এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথে ১০০ টাকা দেওয়ার কথা বলে তাকে নির্জন স্থানে ডেকে নিয়ে আসে সিফাত। সেখান থেকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে রাণীনগর থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। থানা সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, গ্রেপ্তারকৃত কিশোরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিশুর পরিবারসহ স্থানীয়রা।