নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে দুই দিনব্যাপী ‘সুলতান উৎসব’ এর অংশ হিসেবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিশুরা রঙ-তুলির খেলায় মেতে ওঠেন। নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, এস এম সুলতান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক অনাদী বৈরাগী, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী এবং সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা রঙ-তুলির মাধ্যমে তাদের কল্পনা ও সৃজনশীলতা কাজে লাগায়। তাদের আঁকা ক্যানভাসে ফুটে ওঠে প্রকৃতি, গ্রামবাংলার ছবি এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রার নানা দিক। আয়োজক সূত্র জানিয়েছে, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পকর্ম ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শিশুদের মধ্যে চিত্রকলায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যেই এই আয়োজন। সুলতান উৎসবের মাধ্যমে নড়াইলের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উৎসব প্রাঙ্গণে ভিন্নমাত্রার প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।