হবিগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা, মশলা ও ওষুধসহ দুটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ আগস্ট) এই অভিযানে জব্দকৃত পণ্য ও যানবাহনের আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবির সূত্র জানায়, সিন্দুরখান এলাকার টহল দল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গান্ধীছড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় এনিমেল মেডিসিন, খাবার ও শ্যাম্পু উদ্ধার করে। এ সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্য ও যানটির মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

অন্যদিকে, ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান এলাকায় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা একটি কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা তা তল্লাশি করেন। মাছের খাবারের বস্তার মোড়কে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা, কাবেরী মেহেদী ও জিরা উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। পণ্য ও গাড়িসহ এর আনুমানিক মূল্য ৯১ লাখ ৭০ হাজার টাকা।

দুই অভিযানে জব্দকৃত সব পণ্য ও যানবাহনের মোট মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

৫৫-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার ও সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।