বিশ্বকাপ ও অন্যান্য ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল হলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জন্য ঝুঁকি কমেনি। সুইজারল্যান্ডে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার প্রস্তুতি নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। প্রস্তাবিত মামলার প্রয়োজনীয় নথি ও সাক্ষ্য সংগ্রহের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে আবেদন করেছে সংস্থাটি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডাভিত্তিক ফিফা আমেরিকাস ও এফডব্লিউসি ২০২৬ ইউএস নামক দুটি প্রতিষ্ঠানের কাছে থাকা তথ্য চেয়েছে উয়েফা।
তবে সুইজারল্যান্ডে এখনো কোনো আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি। যুক্তরাষ্ট্রের আদালত থেকে পাওয়া নথি ও সাক্ষ্য ভবিষ্যৎ মামলায় প্রমাণ হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে উয়েফার। এই মামলায় ইনফান্তিনোর পাশাপাশি ফিফার অন্য কর্মকর্তা ও পরামর্শকদেরও লক্ষ্য করতে পারে সংস্থাটি। বিবিসি স্পোর্টের দেখা আদালতের নথিতে ইনফান্তিনোর বিরুদ্ধে অপরাধমূলক অব্যবস্থাপনার অভিযোগ তুলেছে উয়েফা। তাদের দাবি, বাতিল হয়ে যাওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই পরিকল্পনাটি ইনফান্তিনো, তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের আর্থিকভাবে লাভবান করার জন্য তৈরি করা হয়েছিল।
পরিকল্পনা অনুযায়ী, পুরুষ ও নারী বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপসহ ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব একটি নতুন প্রতিষ্ঠানের অধীনে নেওয়া হতো। সেই প্রতিষ্ঠানের প্রায় ২০ শতাংশ অংশীদারত্ব ৪২০ কোটি মার্কিন ডলারে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব ছিল। এই হিসাবে ফিফার বাণিজ্যিক প্রতিষ্ঠানটির মোট মূল্য দাঁড়াত প্রায় ২ হাজার কোটি ডলার। উয়েফার অভিযোগ, কোনো উন্মুক্ত প্রতিযোগিতামূলক প্রক্রিয়া কিংবা স্বাধীন প্রতিষ্ঠানের মূল্যায়ন ছাড়াই এই দাম নির্ধারণ করা হয়েছিল। প্রস্তাবিত মূল্যকে অস্বাভাবিক কম বলেও দাবি করেছে তারা।
আদালতে দেওয়া আবেদনে উয়েফা বলেছে, পরিকল্পনাটি অনুমোদনের জন্য তড়িঘড়ি করে ফিফার অভ্যন্তরীণ সভা ডেকেছিলেন ইনফান্তিনো। সেখানে উপস্থিত কয়েকজন কর্মকর্তা আগে পরিকল্পনাটির কথা জানতেনই না এবং মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাদের অনুমোদন দিতে বলা হয়েছিল। ২০২৬ সালের ২৮ জুলাই ইনফান্তিনো প্রকাশ্যে এফএফই পরিকল্পনা ঘোষণা করেন। উয়েফার দাবি, ফিফা কাউন্সিল, ছয়টি আঞ্চলিক কনফেডারেশন কিংবা ২১১ সদস্য দেশের সঙ্গে আলোচনা ছাড়াই এটি সামনে আনা হয়েছিল। অথচ ইনফান্তিনো ও তার ঘনিষ্ঠ সহযোগীরা এক বছরের বেশি সময় ধরে গোপনে পরিকল্পনাটি তৈরি করছিলেন বলে অভিযোগ সংস্থাটির।
উয়েফা মনে করছে, প্রস্তাবটি কার্যকর হলে তাদের ৫৫ সদস্য দেশসহ ফিফার সব সদস্য আর্থিক ও প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারত। দ্য গার্ডিয়ানের দেখা আইনি আবেদনে সুইস দণ্ডবিধির অধীনে ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ আনার প্রস্তুতির কথাও উল্লেখ রয়েছে। ব্যাপক বিরোধিতা ও বিশ্বকাপ বয়কটের হুমকির মুখে আগস্টের শুরুতে পরিকল্পনাটি বাতিল করেন ইনফান্তিনো। কিন্তু উয়েফা আইনি প্রক্রিয়া থেকে সরে আসেনি। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ফিফা কিংবা ইনফান্তিনোর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আগামী মার্চে ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে নির্বাচিত হতে চান ইনফান্তিনো। এর আগে ইউরোপের একাধিক ফুটবল সংস্থা তাঁর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে। এবার ফৌজদারি মামলার প্রস্তুতি তাঁর ওপর চাপ আরও বাড়িয়ে দিল।