আরিফুল ইসলামের দায়িত্বশীল ইনিংসের পর সাব্বির রহমানের ঝোড়ো ফিফটি। এরপর বল হাতে রাকিবুল হাসান ও রিপন মণ্ডলের ছয় উইকেট। ব্যাটে-বলের জোড়া দাপটে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল।
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮১ রান করে বাংলাদেশ এইচপি। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড ‘এ’।
টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র তৃতীয় বলেই জিশান আলমকে হারায় বাংলাদেশ। কোনো রান করতে পারেননি এই ওপেনার। হাবিবুর রহমান সোহানের ২১ বলে ২৬ রানের ইনিংসে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে বাংলাদেশ। তবে ৫১ রানের মধ্যে তৃতীয় উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে দল।
সেখান থেকে ইনিংসের মোড় ঘুরিয়ে দেন আরিফুল ও সাব্বির। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ৯০ রান। আরিফুল ৪৮ বলে সাতটি চার ও দুটি ছক্কায় করেন ৭১ রান।
আরিফুল ফিরে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন সাব্বির। ৩৬ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৬২ রান করেন তিনি। তার ১৭২-এর বেশি স্ট্রাইক রেটের ইনিংসে শেষ চার ওভারে আরও ৪০ রান যোগ করে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ম্যাথু ফিশার নেন দুটি উইকেট।
১৮২ রানের লক্ষ্য তাড়ায় আক্রমণাত্মক শুরু করেছিল নিউজিল্যান্ড ‘এ’। প্রথম ছয় ওভারে এক উইকেট হারিয়ে তারা তোলে ৬৩ রান। কাতেনে ক্লার্ক ১০ বলে ২৪ এবং ম্যাট বয়েল ২২ বলে ৩১ রান করেন। ম্যাক্স চুর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৪ রান।
তবে রাকিবুলের ঘূর্ণিতে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ। ৮৫ রানে দ্বিতীয় উইকেট হারানো নিউজিল্যান্ড ১১৭ রানের মধ্যে হারায় আরও তিন ব্যাটার। রাকিবুল চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে নেন তিন উইকেট।
শেষ দিকে নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনা শেষ করে দেন রিপন। তিন ওভারে ২৭ রান দিয়ে তিনিও তুলে নেন তিন উইকেট। আবদুল গাফফার সাকলায়েন চার ওভারে ২৪ রান দিয়ে একটি এবং মোহাম্মদ রুবেল নেন একটি উইকেট।
জশ ক্লার্কসন ২৫ রানে অপরাজিত থাকলেও দলের হার এড়াতে পারেননি। পূর্ণ স্কোরকার্ডে নিউজিল্যান্ড ‘এ’ দলের সংগ্রহ ৮ উইকেটে ১৫৮ রান। তাতে ২৩ রানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এইচপি।