কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে ছাদ দিয়ে পালানোর চেষ্টাকালে আহত হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মিনহাজুল ইসলাম। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা মিনহাজুলের বাড়িতে যায়। বাড়িটি ঘিরে ডাকাডাকি করলে ভেতর থেকে সাড়া না পাওয়ায় তিনি ছাদ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বাড়ির পেছনের টিনের বেড়ার ওপর পড়ে তার পায়ের একটি আঙুল কেটে যায় এবং হাড় ভেঙে যায়। পরে পুলিশ তাকে আহত অবস্থায় গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করে।
মিনহাজুল কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক ও নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি। তিনি কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।
পুলিশ জানিয়েছে, জুলাইয়ের শহীদ আশিক হত্যা মামলাসহ দুটি মামলায় মিনহাজুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল আহমদ মুক্তকণ্ঠকে বলেন, "মিনহাজুল দুটি মামলার পলাতক আসামি। চিকিৎসা শেষে তাঁকে কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।"