বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সিরিয়াল সাজিয়েছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এখন দেশে থাকতে পারেনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন। গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করা, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি এবং দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইঙ্গিত করে ড. রেজাউল করিম বলেন, "আমাদের দুঃখ হতো না, যদি আমরা সবাই একসঙ্গে নির্যাতিত না হতাম। আমরা সবাই আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, হামলা ও মামলার শিকার হয়েছি। তাই আমাদের প্রত্যাশা ছিল, অন্তত এই সরকার 'হ্যাঁ' ভোটের সিদ্ধান্তকে অবজ্ঞা করবে না। কারণ আজকে যারা ক্ষমতায় আছে, কাল তারা নাও থাকতে পারে—এটিই ইতিহাসের শিক্ষা। অথচ ৪১ সাল পর্যন্ত ক্ষমতার পর্যায়ক্রম তৈরি করা শক্তি আজ দেশেই থাকতে পারল না।"

তিনি আরও বলেন, "আমরা স্ব-স্ব প্রতীকে নির্বাচন করেছিলাম। 'হ্যাঁ' ভোটের পক্ষে আমাদের সম্মিলিত ভূমিকার কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ পক্ষে রায় দিয়েছিল। সেই রায়ের মধ্যেই জাতির দীর্ঘদিনের সমস্যার সমাধান নিহিত ছিল—যেমন স্বাধীন বিচারব্যবস্থা, স্বাধীন দুদক, স্বাধীন মানবাধিকার কমিশন ও পিএসসি গঠনসহ রাষ্ট্রীয় সংস্কার। সেখানে ক্ষমতার ভারসাম্যের সুস্পষ্ট নির্দেশনা ছিল। আমরা ভেবেছিলাম, গণমুখী পরিবর্তনের পর যে সরকারই আসুক না কেন, সংবিধান সংস্কার করে একটি সুন্দর ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব হবে। জাতি সে লক্ষ্যেই রায় দিয়েছে।"

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এ এস এম রুহুল আমিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান এবং জামায়াত নেতা রেজাউল ইসলাম খান সুমনসহ অন্য নেতারা।