চাঁদপুরের আদালত আর্থিক লেনদেনকে কেন্দ্র করে কসাই নূর মোহাম্মদকে শ্বাসরোধে হত্যার দায়ে সুজন সরকারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সুজন সরকার (৩৫) মতলব দক্ষিণ উপজেলার উত্তর ঘোড়াধারী গ্রামের সুদর্শন সরকারের ছেলে। পেশায় তিনি জেলে ও মাছ ব্যবসায়ী ছিলেন। নিহত নূর মোহাম্মদ (৪২) চাঁদপুর শহরের বড় স্টেশন ক্লাব রোড এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

মামলার নথি ও তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালের ২ মার্চ মতলব দক্ষিণ উপজেলার একটি খালি জমিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন স্থানীয় ইউপি সদস্য বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত চালিয়ে পুলিশ সুজন সরকারকে গ্রেপ্তার করে।

বড় স্টেশন এলাকায় ব্যবসাকাজের সূত্রে নূর মোহাম্মদের সাথে সুজনের পরিচয় ও আর্থিক লেনদেন গড়ে ওঠে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালে সুজন কৌশলে নূর মোহাম্মদকে নিজের বাড়িতে ডেকে এনে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ।

২০১৭ সালের ২৫ মে তদন্ত কর্মকর্তা এসআই তপন চন্দ্র দাস আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কোহিনুর রশিদ রায়ে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজেস মুখার্জী।