অতিরিক্ত বিদ্যুৎ বিল ও মিটার রিডিং না নিয়ে মনগড়া বিল তৈরির অভিযোগে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে গ্রাহকরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উল্লাপাড়ায় এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এ বিক্ষোবে সমিতির শতাধিক গ্রাহক অংশ নেন। তারা হাতে বিদ্যুৎ বিলের কপি নিয়ে মহাব্যবস্থাপকের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।
গ্রাহকদের দাবি, পল্লী বিদ্যুতের মিটার রিডাররা বাড়িতে গিয়ে মিটার রিডিং না নিয়েই অনেক সময় মনগড়াভাবে বিদ্যুৎ বিল তৈরি করছেন। ফলে তাদের বিলের সঙ্গে অতিরিক্ত অর্থ যুক্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান এই অব্যবস্থাপনার প্রতিকার চাইলেও কোনো সমাধান না পাওয়ায় তারা বিক্ষোভে নামতে বাধ্য হন। দ্রুত এ অনিয়ম বন্ধ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভের একপর্যায়ে সমিতির মহাব্যবস্থাপক নুরুল হুদা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাহকদের সাথে কথা বলেন। তিনি সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি শেষ করে ছিন্ন হয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে নুরুল হুদা মুক্তকণ্ঠকে বলেন, গ্রাহকদের অভিযোগ শোনার পর সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ইতিমধ্যে একজন মিটার রিডারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তদন্তে দোষীদের বিরুদ্ধে সমিতির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।