রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে। একই অভিযানে জব্দকৃত ৮ বস্তা টিএসপি সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়। এছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ কীটনাশক ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পুঠিয়ার সাতবাড়িয়া ও ধোপাপাড়া বাজারে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে ধোপাপাড়া বাজারের ‘কৃষি ঘর’ এবং সাতবাড়িয়ার ‘আশরাফুল ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে সার মজুত রাখা ছিল বলে নিশ্চিত হয়ে ওই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান চলাকালে উদ্ধার হওয়া ৮ বস্তা টিএসপি সার তৎক্ষণাৎ সরকারি মূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিক্রি করে দেয় আদালত।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুতদারি প্রতিরোধে প্রশাসনের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।