নওগাঁর রানীনগর উপজেলায় ৬ বছরের এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. ইফতিয়াক (১৫) ও মো. মাৎরুফ (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে ওই শিশুকে ধর্ষণ করা হয়। খবর পেয়ে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় রানীনগর থানার একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে রানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নারী ও শিশুদের বিরুদ্ধে যেকোনো অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক, তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।