বগুড়া শহরের মালতিনগর এলাকায় ‘ভাই বোন ফুচকা’ নামক একটি খাবার কারখানা চালাচ্ছিলেন বলে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১২ দিনের জন্য প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে দেখা যায়, দোকানের বাইরের সাজসজ্জা সুন্দর হলেও অভ্যন্তরীণ পরিবেশ ছিল চরম নোংরা। ফুচকা প্রস্তুতকারী টেবিলের পাশে ইঁদুর ধরার ফাঁদ পড়ে আছে। ছাদের ওপর ঝোলানো কবুতরের খাঁচা থেকে পড়ে যাওয়া ঝুল ও বিষ্ঠা সরাসরি খাবারে পড়ছিল। এছাড়া, গরম টক রাখা হয়েছিল নন-ফুড গ্রেড প্লাস্টিকের পাত্রে। ভেতরে মজুত ছিল কয়েক দিন আগের সেদ্ধ করা পচা ডিম। চটপটি প্রস্তুতির জন্য রাখা গাজর ও শসার বড় অংশই পচা ও নিম্নমানের ছিল।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজালাল বলেন, "বাইরের সৌন্দর্যের সাথে ভেতরের কারখানার কোনো মিল ছিল না। সেখানে ইঁদুরের আনাগোনা, কবুতরের বিষ্ঠা ও পচা উপাদান দিয়ে খাবার তৈরির হাতেনাতে প্রমাণ মিলেছে। অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হলে তারা তাৎক্ষণিকভাবে তা পরিশোধ করে।"

তিনি আরও জানান, "কারখানার পরিবেশ উন্নত করার জন্য মালিকপক্ষ ১২ দিনের সময় চেয়েছে। এই সময়ে এটি সম্পূর্ণ বন্ধ থাকবে। পরবর্তীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিদর্শনের পর পরিবেশ সন্তোষজনক মনে করলে কারখানাটি পুনারায় চালুর অনুমতি দেওয়া হবে।"

বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, "ভেজালবিরোধী তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। নন-ফুড গ্রেড প্লাস্টিক ও পচা কাঁচামাল দিয়ে খাবার তৈরি জনস্বাস্থ্যের জন্য চরম মারাত্মক।"