বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলায় তিনটি সাপ দেখা গেছে। ঘটনায় সেখানকার কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা সাপগুলোকে মেরে ফেলেন।
উল্লেখ্য, ঐ তলায়ই শিক্ষামন্ত্রী ও সচিবের অফিস কক্ষ অবস্থিত। প্রত্যক্ষদর্শী মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশ করে করিডরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখা যায়।
সচিবালয়ের বহুতল ভবনের ১৯ তলায় সাপের উপস্থিতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিস্ময় ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাদের ধারণা, ভবনের ভেতরের কোনো স্টোরেজে সম্ভবত আরও সাপ লুকিয়ে থাকতে পারে। কর্মচারীরা জানান, করিডরে সাপের ছোটাছুটি দেখে সবাই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। এত উঁচু তলায় সাপের আগমন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
এক কর্মচারী বলেন, নিশ্চয় ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ ডিম পেড়েছিল। সেই ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়েছে। বিষয়টি তদন্ত করতে ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।