বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক হিসেবে সাড়ে নয় বছরের দায়িত্ব শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো হিসেবে দায়িত্ব পালন করবেন ড. ফাহমিদা খাতুন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৬৮তম পরিচালনা পর্ষদের সভায় এই নিয়োগ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

২০০৩ সালে সিপিডির সাথে যুক্ত হওয়া ড. ফাহমিদা ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে নির্বাহী পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। ২০১৭ থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির গবেষণা কর্মসূচির পরিধি, বৈচিত্র্য ও আন্তর্জাতিক মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। মেয়াদকালে ধারাবাহিক সম্পদ আহরণ, সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে সিপিডির উন্নয়ন তহবিল প্রায় ৫৯০ শতাংশ এবং বার্ষিক আয় প্রায় ১৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে গবেষণায় অর্থায়নকারী সংস্থা ও উন্নয়ন সহযোগীর সংখ্যাও বহুগুণে বেড়েছে। ভৌত ও প্রযুক্তিগত অবকাঠামো আধুনিকায়ন, কর্মীদের পেশাগত উন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি, প্রকাশনার মানোন্নয়ন, ডিজিটালাইজেশন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন শক্তিশালীকরণেও তিনি প্রধান ভূমিকা রাখেন।

সিপিডিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) গবেষণা ফেলো ছিলেন। এছাড়া বাংলাদেশে ইউএনডিপি ও ইউএসএইডি মিশনে ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্বমানের একাধিক গবেষণা ও নীতি নির্ধারণী প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। যুক্তরাজ্যভিত্তিক ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। সামষ্টিক অর্থনৈতিক নীতি, রাজস্ব ও মুদ্রানীতি, ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন, আন্তর্জাতিক বাণিজ্য ও স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক রূপান্তর তার প্রধান গবেষণার ক্ষেত্র।

আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে তিনি একাধিক দায়িত্বে আছেন। বর্তমানে তিনি জাতিসংঘ মহাসচিবের ‘মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স’ (এমভিআই) বিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ পরামর্শক প্যানেল এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) ‘প্রোডাক্টিভ ক্যাপাসিটিজ ইনডেক্স’ বিষয়ক উচ্চপর্যায়ের পরামর্শক বোর্ডের সদস্য। এছাড়া বোস্টন ইউনিভার্সিটির জলবায়ু, উন্নয়ন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামোবিষয়ক আন্তর্জাতিক টাস্কফোর্সের সদস্য এবং ব্র্যাক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।