রাজবাড়ীর পাংশা উপজেলার কুড়াপাড়া রেলগেট এলাকায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে একটি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত কিশোরী ঢাকার দৌলতপুর এলাকার আব্দুল হাইয়ের মেয়ে এবং পাংশার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত হওয়ায় নানাবাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ওই দিন সকাল থেকে মুমু কুড়াপাড়া রেলগেট এলাকায় বারবার ঘোরাফেরা করছিলেন। বেলা ১১টার দিকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ ট্রেনের সামনে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কিশোরীর মা আমেনা বেগম মুঠোফোনে জানান, "আমার মেয়ে বিবাহিত। সে নানাবাড়িতে থাকত, আর আমরা ঢাকায় থাকি। সে কেন ট্রেনের সামনে ঝাঁপ দিল, তা আমাদের জানা নেই।"
অন্যদিকে, মুমুর স্বামী আকাশ আলী বলেন, "সকালে মুমু আমার কাছে মোবাইল ফোন চেয়েছিল। কিন্তু আমি কাজে যাওয়ার সময় ফোনটি সঙ্গে নিয়ে যাই। সে কখন বাড়ি থেকে বের হয়েছে তা আমার জানা ছিল না। পরে শুনতে পাই ট্রেনের ধাক্কায় আমার স্ত্রী মারা গেছে।"
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।