মাদারীপুরের রাজৈরে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজৈর পৌরসভার পূর্ব স্বরমঙ্গল এলাকায় এ সংঘর্ষ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক তরুণীর সঙ্গে একই সময়ে রাতুল ও রোহান নামে দুই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে দুজনই ওই তরুণীকে একে অপরের থেকে সরে যাওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বুধবার রাতে হৃদয়নন্দী গ্রামের (গুচ্ছগ্রাম) সাবেক কাউন্সিলর আজিজুল রহমান হাওলাদার রাহিমের লোকজনের সঙ্গে পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাকারিয়া খালাশির লোকজনের কথা-কাটাকাটি হয়। পরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।"