সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৃহস্পতিবার সাভারে অনুষ্ঠিত দুটি বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এছাড়াও তিনি কোর অব মিলিটারি পুলিশ ও রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন।
কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬-এ সেনাপ্রধান উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি দেশের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোরটির ঐতিহাসিক অবদান ও আন্তর্জাতিক মঞ্চে এর ভূমিকার প্রশংসা করেন। প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, ভবিষ্যৎ পরিকল্পনা ও পেশাগত দক্ষতা সম্পর্কে মতবিনিময়ের পাশাপাশি তিনি প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।
একই দিন সাভারের আরভিঅ্যান্ডএফ ডিপোতে চতুর্থ বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সেনাপ্রধান সেখানে সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে কোরটির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। ফার্মগুলোর উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও পেশাগত দক্ষতা সম্পর্কে আলোচনা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, উভয় অনুষ্ঠানে সংশ্লিষ্ট কোরগুলোর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।