নওগাঁর ধামইরহাট উপজেলার আত্রাই নদীতে গোসল ও মাছ ধরতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে শিমুলতলী ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু দুইজন হলেন উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)। তারা উভয়েই স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে শিমুলতলী ব্রিজের কাছে আত্রাই নদীতে নামেন শিশু দুইজন। গোসল ও মাছ ধরার সময় তারা পানির গভীরে তলিয়ে যান। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পাওয়ায় আশপাশের লোকজন সন্দেহ প্রকাশ করেন এবং নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদী থেকে তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করা হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে নেমে গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।