গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে ধানের জমিতে পানি সেচের সময় বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পিতা ও পুত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চর বড়ফা গ্রামের মৃত শামসু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) এবং তাঁর ১২ বছর বয়সি ছেলে মেহেদী হাসান খাঁ। মেহেদী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার দুপুর দেড়টায় তাঁর বিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, বেলা সাড়ে ১১টার দিকে এনায়েত খাঁ ধানের জমিতে বৈদ্যুতিক মোটর চালিয়ে পানি দিতে যান। কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দূর থেকে বাবাকে ছটফট করতে দেখে বাঁচাতে এগিয়ে আসেন ছেলে মেহেদী। বাবাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পিতা-পুত্র দুজনকেই মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।