মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি এলাকায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ঘরটির বড় অংশ উড়ে যায় এবং কাঠামোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওই এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম খান প্রায় সাত বছর ধরে খুলনায় বসবাস করছেন। তার নিজস্ব একটি ঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। গতকাল সন্ধ্যায় হঠাৎ ওই ঘর থেকে বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সেখানে ধোঁয়া ও পোড়া গন্ধ পাওয়া যায়। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "হাতবোমা বিস্ফোরণে পরিত্যক্ত ঘরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

পুলিশ সূত্রে জানা গেছে, এটি নাশকতা নাকি স্থানীয় কোনো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। মালিকের অনুমতি নিয়ে বা অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে কিনা তাও যাচাই-বাছাই করা হচ্ছে।