চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে মিয়ানমারে অবৈধ পাচারের চেষ্টাকালে সিমেন্ট ও রাসায়নিক সারসহ ছয় ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই সময় পাচারকৃত পণ্য বহনে ব্যবহৃত দুটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে মধ্যরাতের মধ্যে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অংশ নেন। সন্দেহভাজন দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে পাচারের জন্য প্রস্তুতকৃত পণ্যগুলো উদ্ধার করা হয়।
সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১ হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার। কোস্ট গার্ডের তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, এসব পণ্য অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোট দুটিতে লোড করা হচ্ছিল।
আটককৃত ছয় জনের বিরুদ্ধে এবং জব্দকৃত মালামাল ও দুটি বোট সম্পর্কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলেও মিডিয়া কর্মকর্তা জানান।