চলতি বছরের ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশ পুলিশ ৫৩ হাজার ৫১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। একই সময়কালে সাধারণ মামলা ও অপরাপর অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে আটক করা হয়। ফলে উভয় ধরনের অভিযানে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের মাধ্যমে ৪৩৮টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৭২২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১৬৫টি ম্যাগাজিন, ৬৫টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ৮৯৩টি দেশীয় অস্ত্র, ৭১টি অস্ত্রের যন্ত্রাংশ, ২১টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ ১০ হাজার ৩০০টি চকলেট বোমা জব্দ করা হয়েছে।
জব্দকৃত আগ্নেয়াস্ত্রের তালিকায় রয়েছে ১৫৩টি পিস্তল, ৪৮টি শুটারগান, ৪৫টি এলজি, ২৬টি রিভলভার, ১০৮টি বন্দুক, ২৬টি পাইপগান, ৭টি শটগান, ৭টি রাইফেল, ৩টি এসএমজি, ১২টি এয়ারগান ও ১টি পেনগান।
মাদকদ্রব্য উদ্ধারেও অভিযান সফল হয়। এতে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৫৫৯ পিস ইয়াবা, ১০ হাজার ৭৩২ পুরিয়া হেরোইন, ৩০ হাজার ৪২৭ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৮৬৫ বোতল বিদেশি মদ, ৫৬০ বোতল দেশি মদ, ১২ হাজার ৫৩ পুরিয়া গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় ২৩ হাজার ২২১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৩৪ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।