রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এ সময় তিনি প্রতিষ্ঠানটির জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন।
পরিদর্শনকালে হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কর্তৃপক্ষ ও কর্মীরা ভবন সংকট, সীমিত কর্মস্থলসহ প্রতিষ্ঠানটির নানা দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান। জামায়াত আমির এসব সংকট মোকাবিলায় পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজটি বর্তমানে অত্যন্ত অবহেলিত। প্রকল্পের আওতায় থাকা শিক্ষক ও চিকিৎসকদের নিয়মিত সম্মানী প্রদান এবং ইন্টার্ন চিকিৎসকদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ উত্থাপিত দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। এসব দাবির মূল বিষয়গুলো তিনি যথাযথ মাধ্যমে তুলে ধরবেন বলেও জানান।
তিনি আরও বলেন, তুলনামূলকভাবে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা সাশ্রয়ী এবং পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত। তাই সাধারণ মানুষের এই চিকিৎসাব্যবস্থা আরও বেশি করে গ্রহণ করা উচিত।