২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর হলি ক্রস কলেজ। জিপিএ ও একাডেমিক যোগ্যতার পাশাপাশি ভর্তির শর্তাবলীতে বিশেষ কিছু নিয়ম যুক্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "বিবাহিত ছাত্রীদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করার প্রয়োজন নেই।"\ এছাড়া শিক্ষাবর্ষ চলাকালীন কোনো শিক্ষার্থী বিয়ে করলে তাকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, ব্যবহারিক ক্লাস, নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। পাশাপাশি ক্যাম্পাসে মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিয়মে আপত্তি থাকলে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভর্তির যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ ৫ এবং উচ্চতর গণিত ও জীববিজ্ঞান উভয় বিষয় থাকা আবশ্যক। মানবিক বিভাগে আবেদনের জন্য জিপিএ ৩ থেকে ৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪ থেকে ৫ থাকতে হবে। বিভাগ পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে; বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৮ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে এবং বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া ২ সেপ্টেম্বর বুধবার থেকে ৫ সেপ্টেম্বর শনিবার রাত ১২টার মধ্যে কলেজের ওয়েবসাইটে সম্পন্ন করতে হবে। আবেদনের সাথে বিকাশের মাধ্যমে ৫০০ টাকা জমা দিতে হবে। পেমেন্টের ৫ থেকে ১০ মিনিট পর আবেদন ফরম ও প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আবেদনের সময় পাসপোর্ট আকারের ছবি, এসএসসি প্রবেশপত্রের ছবি এবং অনলাইন ফলাফলের কপি প্রয়োজন হবে। ভুল বা মিথ্যা তথ্যের জন্য আবেদন বাতিল হতে পারে।

এসএসসি-২০২৬-এর পাঠ্যসূচির ভিত্তিতে লিখিত নির্বাচন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের এবং ১১ সেপ্টেম্বর শুক্রবার বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে। পরীক্ষার আসন ও সময় ৮ সেপ্টেম্বর দুপুর ১২টার পর ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানানো হবে এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে ৯ সেপ্টেম্বর দুপুর ১টার পর।

চূড়ান্ত ফল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১টার পর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে বিকাশের মাধ্যমে ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে পারবেন। নির্ধারিত সময়ে ফি জমা না দিলে সুযোগ বাতিল হবে।

এ বছর বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৯০টিসহ মোট ১ হাজার ৩৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।