নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন বছর পর প্রথম উপাচার্য পেল। অধ্যাপক মো. নাজমুস সাদাতকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি গত ১৯ জুলাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হয়েছিলেন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, অধ্যাপক নাজমুস সাদাতকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে নারায়ণগঞ্জের নতুন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
২০২৩ সালে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ’ নামে আইন পাস হলেও ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আইন সংশোধন করে এর নাম পরিবর্তন করে ‘নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ রাখা হয়। উপাচার্য নিয়োগের মাধ্যমে এবার বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
এদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. সোহেল হাসানকে একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত উপাচার্যদের মেয়াদ হবে চার বছর। তবে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।