নেপালের তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। আজ বুধবার এই প্রাকৃতিক দুর্যোগে ৩৮৪ জন পর্যটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যাদের অধিকাংশ বিদেশি নাগরিক বলে জানিয়েছে নেপালের পর্যটন বোর্ড।

পর্যটন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন ভ্রমণ সংস্থা ও কোম্পানির প্রাথমিক তথ্যের ভিত্তিতে বন্যাকবলিত এলাকায় ৩৮৪ জন পর্যটকের নিখোঁজ হওয়ার বিষয়টি শনাক্ত করা হয়েছে। নিখোঁজদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালের নাগরিক। বর্তমানে নিখোঁজ পর্যটকদের অবস্থান শনাক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

এদিকে নেপালের পুলিশ বিবিসিকে জানিয়েছে, ভয়াবহ এই বন্যার পর আজ সকালে বিভিন্ন জেলা থেকে ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।