পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নবজাতকের মৃত্যু হয়েছে। আজ বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এই মর্মে নিশ্চিত করেছে।

পিআইএমএস কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালের ওই ওয়ার্ডের নবজাতক কক্ষে মোট ১৬টি শিশু ছিল। আগুনের ভয়াবহতার মাঝে মাত্র একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, "হাসপাতালটির এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় লাগা আগুনে ১৪ শিশু পুরোপুরি দগ্ধ হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স সেখানে উদ্ধারকাজে অংশ নেয়।"

উদ্ধারকারী দলের সূত্রে জানা গেছে, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের ফলে ওই কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের কারণ এবং ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে অতিরিক্ত উপকমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।