লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশ্যে শিয়াল হত্যা ও তার মাংস বিক্রির চেষ্টার অভিযোগে মো. ইব্রাহিম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত রোববার উপজেলার চর মার্টিনের মুন্সিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। প্রমাণ হিসেবে মাংসের পাশে প্রাণীটির কাটা মাথা রেখে বিক্রির চেষ্টা করছিলেন তিনি।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন প্রতিবাদ করেন এবং একপর্যায়ে তাঁকে ধাওয়া করেন। পরবর্তীতে মঙ্গলবার রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কমলনগর থানা-পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ বাজারের কাছে একটি জালে শিয়ালটি আটকা পড়েছিল। ইব্রাহিম সেটি জবাই করে মাংস বিক্রির চেষ্টা করলে স্থানীয়দের নজরে আসে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, "বন্য প্রাণী হত্যার পর মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে ইব্রাহিমকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করেন।"

তিনি আরও জানান, জরিমানার অর্থ পরিশোধের সক্ষমতা ইব্রাহিমের না থাকায় মুন্সিগঞ্জ বাজার কমিটির লোকজন নিজেদের মধ্যে টাকা তুলে সেই অর্থ পরিশোধ করেন।

বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, "বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী লাইসেন্স বা পারমিট ছাড়া কোনো বন্য প্রাণী, এর মাংস বা দেহাংশ দখলে রাখা, কেনাবেচা কিংবা বাণিজ্যিকভাবে ব্যবহার করা নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।"