কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. ইয়াসিন (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ইব্রাহিম খান (২৩) নামের আরেক পর্যটক নিখোঁজ রয়েছেন। আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত ও নিখোঁজ দুজনেরই বাড়ি ঢাকার আফতাবনগর এলাকায়। গতকাল মঙ্গলবার তাঁরা ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণে আসেন।

পুলিশ ও লাইফগার্ড কর্মীদের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা ১০ জনের একটি দল বেলা দেড়টার দিকে সুগন্ধা সৈকতে নামেন। এরপর সোয়া দুইটার দিকে তাঁরা উত্তর দিকের সিগাল পয়েন্টে অবস্থান নেন। সেই সময় দলের পাঁচজন সদস্য সমুদ্রে গোসলে নামেন।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি সি-সেফ লাইফগার্ড স্টেশনের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, "বৈরী পরিবেশে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল রয়েছে, তা ছাড়া সৈকতের সুগন্ধা থেকে সিগাল হয়ে উত্তর দিকে লাবণী পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটারে কয়েকটি গুপ্তখালের সৃষ্টি হয়েছে। গুপ্তখাল এলাকায় গোসলে নামতে নিষেধ করে একাধিক লাল নিশানাও ওড়ানো হচ্ছিল। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে দলের পাঁচজন সিগাল পয়েন্টে গোসলে নামেন। গোসলের একটা সময় বড় ঢেউয়ের ধাক্কায় দলের দুই সদস্য ইয়াসিন ও ইব্রাহিম ডুবে গিয়ে নিখোঁজ হন।"

লাইফগার্ড সদস্যরা দ্রুত সাগরে তল্লাশি চালিয়ে ইয়াসিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইমতিয়াজ আহমেদ আরও জানান, "বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ ইব্রাহিমের সন্ধান মেলেনি। সাগরও প্রচণ্ড উত্তাল, তারপরও তল্লাশি অব্যাহত রাখা হয়েছে।"

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, "নিখোঁজ পর্যটকের সন্ধানে তল্লাশি চলছে, তবে বিকেল পাঁচটা পর্যন্ত খোঁজ মেলেনি। নিহত ইয়াসিনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।"