সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক নারী যাত্রী অসুস্থ হয়ে মারা গেছেন। যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে ফ্লাইটটি ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তবে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৬ আগস্ট) জেদ্দা বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। উড়াল দেওয়ার কিছু সময় পরই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন চট্টগ্রামের বাসিন্দা ছানোয়ারা বেগম।
জরুরি অবতরণজনিত বিলম্ব ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে ফ্লাইটটি মাস্কাট থেকে পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে। আজ দুপুর সোয়া তিনটায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। তবে ওই নারী যাত্রীর মরদেহটি এখনো দেশে আনা হয়নি।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট বিজি-১৩৬ এ করে ওই নারী চট্টগ্রামে ফিরছিলেন। ফ্লাইটটি উড্ডয়নের কিছু সময় পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যাত্রী সুরক্ষায় ফ্লাইটটি দ্রুত ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। সেখানে বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।"
তিনি আরও জানান, "মাস্কাটে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।"
মৃত যাত্রীর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।