সিস্টেম আপডেটের কারণে এক দিনের জন্য বন্ধ থাকবে থাইল্যান্ডের ই-ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল এবং ই-ভিসা পেমেন্ট সিস্টেম। ঢাকার থাই দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রোববার (৩০ আগস্ট) অস্থায়ীভাবে বন্ধ রাখা হবে ভিসা পোর্টাল এবং পেমেন্ট ব্যবস্থা। তবে পরদিন সোমবার (৩১ আগস্ট) থেকে উভয় পরিষেবা পুনরায় চালু হবে।

একই বিজ্ঞপ্তিতে দূতাবাস আরও জানায়, আগামী ৩১ আগস্ট থেকে পাঁচ বছর মেয়াদি থাইল্যান্ডের ডিটিভি ভিসার জন্য আবেদনকারীদের নিজ দেশের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। এই সার্টিফিকেট মূল ভাষা এবং ইংরেজি অনুবাদ—উভয় কপিতেই প্রদান করতে হবে।

ডিটিভি ভিসা মূলত একটি মাল্টিপল এন্ট্রি ভিসা, যা নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মানুষকে দীর্ঘমেয়াদে থাইল্যান্ডে অবস্থানের সুযোগ দেয়। কাজের উদ্দেশ্যে, মুয়ে থাই কোর্স, থাই রান্নার ক্লাস, ক্রীড়া প্রশিক্ষণ, গুরুতর ও নিবিচ্ছিন্ন চিকিৎসা, সেমিনার এবং সংগীত উৎসবে যোগ দিতে এই ভিসার আবেদন করা সম্ভব। এছাড়া ডিটিভি ভিসা হোল্ডারের স্বামী বা স্ত্রী এবং ২০ বছরের কম বয়সী নির্ভরশীল সন্তানরাও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

দূতাবাস জানিয়েছে, ভিসা ফি পরিশোধ করার আগে ডিটিভির আবেদনের জন্য রয়্যাল থাই দূতাবাসের অনুমোদন প্রয়োজন। এই ভিসার আওতায় প্রতি হোল্ডার প্রতি প্রবেশে ১৮০ দিনের জন্য থাইল্যান্ডে থাকার অনুমতি পাবেন। হোল্ডার প্রতিটি এন্ট্রির জন্য একবার থাকার সময়কাল বাড়িয়ে নিতে পারবেন, তবে তা ১৮০ দিনের বেশি হবে না (সর্বোচ্চ অবস্থান হবে ১৮০ দিন + ১৮০ দিন)। ভিসা বৈধ থাকা পর্যন্ত হোল্ডার যতবার প্রয়োজন ততবার থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন।