সমাজ থেকে অশুভ শক্তি দূর করে একটি উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নওগাঁর মান্দা উপজেলা পরিষদ মুক্তমঞ্চে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সংসদ সদস্য বলেন, "সুশিক্ষাই পারে একটি জাতিকে সঠিক পথে পরিচালিত করতে এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে।"

মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পিইসি, জেএসসি, জেডিসি, দাখিল ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য প্রদানকালে এমপি টিপু বলেন, "তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও জাতির মূল দায়িত্ব তোমাদের কাঁধে। আজ তোমরা যে মেধার স্বাক্ষর রেখেছ, তা ভবিষ্যতে ধরে রাখতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।"

তিনি আরও উল্লেখ করেন, "বর্তমান সরকার শিক্ষাবান্ধব নীতি গ্রহণ করেছে এবং শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান মকে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।