হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে জাপানি প্রতিষ্ঠান ‘সাব ওয়ার্কিং গ্রুপ’ আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে। মঙ্গলবার (আজ) দুপুর ২টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে এই প্রস্তাবনা দাখিল করা হয়।

জাপানি প্রতিষ্ঠানটির পক্ষে মাসাহিরু হিরাই বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবটি হস্তান্তর করেন। এ সময় বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাপানি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বেবিচক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দাখিলকৃত প্রস্তাবের সঙ্গে কারিগরি ও আর্থিক বিষয়াদি সংবলিত পৃথক নথিও জমা দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত একটি প্রস্তাব মূল্যায়ন কমিটি নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে এসব প্রস্তাব মূল্যায়ন করবে।

এই মূল্যায়ন কমিটিতে বেবিচকের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে কারিগরি প্রস্তাব এবং পরবর্তীতে আর্থিক প্রস্তাব যাচাই করা হবে। এরপর প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতা অনুষ্ঠিত হবে। সমঝোতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তির তারিখ চূড়ান্ত করা হবে বলে বেবিচক সূত্রে জানা গেছে।