ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে মাদকসহ মো. সুজন (২৫) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পরশুরাম উপজেলার ডাকবাংলা বিজিবি ক্যাম্পের পূর্ব পাশের সীমান্ত এলাকার ভারতীয় অংশ থেকে তাকে আটক করা হয়। আটক সুজন ওই উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। ঘটনার পর তার পরিবারের সদস্যরা স্থানীয় বিজিবি ক্যাম্পকে বিষয়টি অবহিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরশুরাম সীমান্তের শ্মশানঘাট এলাকা দিয়ে আন্তর্জাতিক সীমান্তরেখা অতিক্রম করে ভারতের প্রায় ১০০ মিটার অভ্যন্তরে প্রবেশ করেন সুজন। এসময় বিএসএফের আমজাদনগর ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে।

বিএসএফ জানিয়েছে, আটককালে সুজনের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে স্থানীয় ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, "আটক ব্যক্তি যেহেতু বাংলাদেশি নাগরিক, তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখা হচ্ছে।"