ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. সজলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ থানার খয়েরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সজল উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জুন কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আড়পাড়া এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেআইনিভাবে সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান ও মিছিল করেন। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে তারা পালিয়ে যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরদিন ২৪ জুন কালীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
পুলিশের দাবি, মামলার তদন্তে উক্ত ঘটনার সঙ্গে সজলের সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং সেই ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, "পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশ প্রহরায় ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"