অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ফরিদপুরের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শহরের পশ্চিম আলীপুরে অবস্থিত তার ‘কামরাঙ্গা’ নামের বাসভবন থেকে বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফজলুর রহমান বাবু।

জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) রাতে দীর্ঘ বিরতির পর তিনি যখন ‘কামরাঙ্গা’ বাড়িতে ফেরেন, তখন লাইট জ্বালাতে গিয়ে দেখেন কোনো আলো জ্বলছে না। প্রথমে বিদ্যুৎ সংযোগের সমস্যা মনে হলেও বাইরে গিয়ে তিনি লক্ষ্য করেন, মেইন লাইনের তার নেই। এরপর বাড়ির ছাদে গিয়ে তিনি দেখতে পান, এসির তারও কেটে নেওয়া হয়েছে। এছাড়া বাড়ির বাইরে থাকা আরও বেশ কিছু মালামাল নিখোঁজ পাওয়া গেছে।

ফজলুর রহমান বাবু জানান, তিনি পুরো পরিবার নিয়ে ঢাকায় থাকেন, তবে জন্মভূমির প্রতি টানে মাসে এক-দুইবার ফরিদপুরের বাড়িতে আসেন। প্রায় ২০ থেকে ২৫ দিন আগেও তিনি দুদিনের জন্য এখানে এসেছিলেন এবং এরপর পুনরায় ঢাকায় ফিরে যান।

তিনি বলেন, ‘কামরাঙ্গা’ তার জন্মস্থান। চারদিকে দেয়ালঘেরা বাড়িটির ভেতরে রয়েছে দোতলা ভবন ও বাগান। একসময় যেখানে নিশ্চিন্তে এসে সময় কাটাতেন, সেখানেই এখন চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে তার মনে।

তার অভিযোগ, স্থানীয় মাদকসেবীদের একটি অংশ নেশার টাকা জোগাড় করতে এ ধরনের চুরির সঙ্গে জড়িয়ে পড়ছে। শুধু তার বাড়ি নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

আক্ষেপ করে এই অভিনেতা বলেন, আগে তার এলাকায় এমন পরিস্থিতি ছিল না। নিশ্চিন্তে বাড়িতে আসা-যাওয়া করা যেত। কিন্তু সাম্প্রতিক সময়ে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এখন অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যেই থাকতে হচ্ছে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে তার বাসভবনে বিদ্যুতের তার চুরির ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।