বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ অঞ্চলের মানুষের বিদেশ যাওয়ার প্রবণতা উল্লেখ করে মন্ত্রী বলেন, "শুধু বিদেশে লোক পাঠালেই হবে না, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ভাষা শেখার কোর্স সম্পন্ন করতে হবে।"
তিনি জানান, এই লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। তবে তিনি সতর্ক করে বলেন, "শুধু প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করলেই হবে না, সেখানে শিক্ষক ও শিক্ষার্থীও নিশ্চিত করতে হবে। এ জন্য জনপ্রতিনিধি ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে।"
বিদেশগামীদের ভাষাদক্ষতা বৃদ্ধিতে ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরীয় ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। প্রশিক্ষণ শেষে বৈধপথে বিদেশ যাওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে ভূমধ্যসাগরে নিহত অভিবাসনপ্রত্যাশীদের পরিবারের করা মামলার আসামি এবং সংশ্লিষ্ট চক্রের বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে দালালচক্রের হাত থেকে বাঁচতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেন তিনি। মসজিদ ও মন্দিরে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি।
সাগরপথে অভিবাসনের ঝুঁকি নিয়ে মন্ত্রী বলেন, "যে ৯ জন সাগরে মারা গেলেন, পাশাপাশি আরও যারা মারা গেছেন—তারা কোথা থেকে যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, এর সঙ্গে জড়িত চক্রটি কারা—এসব তথ্যসহ সবকিছু আমাদের মন্ত্রণালয়ে পাঠাবেন। শুধু তথ্য দিলেই হবে না, তারা প্রবাসে থাকলেও তাদের তথ্য-উপাত্ত আমাদের দিতে হবে। আমরা ওইসব দেশের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সেখান থেকে ধরে নিয়ে আসব।"
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান এবং সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বক্তব্য রাখেন।
এর আগে মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।