চব্বিশের গণ-অভ্যুত্থানে তরুণসমাজ ছিল আন্দোলনের মূল শক্তি ও সাহসের উৎস। তাদের এই অবদানের মাধ্যমেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক শোকসভার আয়োজন করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. গোলাম রাজ্জাকের ছেলে এবং গণঅভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফিরাত কামনায় এই সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "স্বাধীনতার ৫৩ বছরে আমরা যে সাহস দেখাতে পারিনি, ৩৬ জুলাইয়ে সেই সাহস দেখিয়েছে তরুণরা। স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য। বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামে তরুণদের বিরাট ত্যাগ রয়েছে। তাদের এই অবদানেই দেশ এগিয়ে যাবে।"
শহীদ নাসিব হাসান রিয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী আরও বলেন, "সন্তানহারা পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা হতে পারে না। যে পিতা-মাতাকে নিজ সন্তানের লাশ কাঁধে বহন করতে হয়, সেই কষ্ট ও গভীর বেদনা কেবল ভুক্তভোগী পরিবারই উপলব্ধি করতে পারে। সরকার ও সমাজ কেবল তাদের পাশে থেকে সমবেদনা প্রকাশ করতে পারে।"
বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল খালেকের (উপসচিব, স্বাস্থ্য সেবা বিভাগ) সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. ওবায়দুর রহমান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।