রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে (আইসিআরসি) আরও সক্রিয় ও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৫ আগস্ট) আইসিআরসির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক রেজিস সাভিওজের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা বলেন।
বৈঠকে বাংলাদেশে আইসিআরসির দীর্ঘমেয়াদী মানবিক কার্যক্রমের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সামাজিক সুরক্ষায় সরকারের জনকেন্দ্রিক ও মানবিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে তিনি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার কার্ড’ উদ্যোগের সম্ভাব্য প্রভাব সম্পর্কে আঞ্চলিক পরিচালককে অবহিত করেন।
নারীদের লক্ষ্য করে ক্রমবর্ধমান ডিজিটাল হয়রানির বিষয়টি তুলে ধরে শামা ওবায়েদ উদীয়মান ডিজিটাল হুমকি এবং এর মানবিক পরিণতি মোকাবিলায় আইসিআরসির সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) বিষয়ে ঢাকায় আইসিআরসির একটি আঞ্চলিক বৈঠক আয়োজনের সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাব দেন তিনি।
রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতা এবং রাখাইন রাজ্য থেকে তাদের গণ-পলায়নের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, "আজ ওই মর্মান্তিক ঘটনার নবম বার্ষিকী।"
রোহিঙ্গাদের জন্য আইসিআরসির অব্যাহত সহায়তার প্রশংসা করে তিনি ভবিষ্যতেও সংস্থাটির মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, আঞ্চলিক পরিচালক রেজিস সাভিওজ বাংলাদেশের সঙ্গে আইসিআরসির অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। বৈশ্বিক আন্তর্জাতিক মানবিক আইনবিষয়ক কর্মসূচিতে বাংলাদেশের গঠনমূলক অবদানের কথা স্বীকার করে তিনি বিশেষ করে ‘আইএইচএল অ্যান্ড পিস’ ওয়ার্কস্ট্রিমের কো-চেয়ার হিসেবে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে সচেতনতা ও প্রচার, সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রমসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে আইসিআরসি আগ্রহী বলে জানান সাভিওজ।