প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়।

সকালে শ্রমিক মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়কে মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বাস ধর্মঘট শুরু করেন শ্রমিকেরা। পরবর্তীতে তাঁরা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল বন্ধ করে মহাসড়ক অবরোধ করেন।

এই অবরোধের ফলে বরিশাল থেকে ঢাকা ও দেশের বিভিন্ন রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ এই অচলাবস্থায় টার্মিনাল ও আশপাশের এলাকায় আটকা পড়েন অসংখ্য যাত্রী, যাদের অনেকে গন্তব্যে পৌঁছাতে বিকল্প যানবাহনের চেষ্টা করেন।

মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যাত্রীগণ।

শ্রমিকদের দাবি, মহাসড়কে মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার চলাচল বন্ধ না হওয়ায় তাঁরা দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন। এই দাবিতে এর আগেও বরিশালে বাস চলাচল বন্ধ করা হয়েছিল। অবশেষে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা ও সমস্যা সমাধানের আশ্বাসের পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। এর ফলে ধীরে ধীরে সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, "আলোচনা ও সমস্যা সমাধানের পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক।"