চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য এবং বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এই ঘটনার জেরে নগরের দুটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষের সূত্রপাত হয়। চট্টগ্রাম আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর শ্রমিকেরা নগরের কদমতলী ও অলংকার এলাকায় সড়ক অবরোধ করেন। এই দুটি স্থান থেকে চট্টগ্রাম-ঢাকাসহ বিভিন্ন রুটের বাস চলাচল করে। অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

পুলিশের ভাষ্যমতে, সকাল থেকে ভোট গ্রহণ চলছিল। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা এবং জাল ভোট দেওয়ার অভিযোগ তোলেন কয়েকজন শ্রমিক। এ নিয়ে শ্রমিকদের অন্য একটি পক্ষের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন মুক্তকণ্ঠকে জানান, এই ঘটনায় তিনি ছাড়াও আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে দামপাড়া পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। তার মতে, ভোটকেন্দ্রের অব্যবস্থাপনা নিয়ে শ্রমিকদের ক্ষোভ থেকেই এই ঘটনার সূত্রপাত।

চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতির সচিব মনোয়ার হোসেন বলেন, “আমাদের পর্যবেক্ষক দলেরও কয়েকজন আহত হয়েছেন। ইটপাটকেল ছোড়ার পর পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তখন পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।”