দেশে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। কোনো ধরনের ঘাটতি এড়াতে প্রচুর সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা এই বিষয়গুলো তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশে মোট ১৩.৬৫৬ মেট্রিক টন সার গুদাম মজুত আছে। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে সারের মজুত ছিল ১৩ লাখ মেট্রিক টন।

কিছু এলাকায় সার বিতরণে অনিয়মের খবর প্রকাশিত হওয়ার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, "এটি তাঁরা খেয়াল করেছেন এবং দ্রুত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।"

বিতরণব্যবস্থায় কিছু ত্রুটির কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, "সরকার কৃষক ও জনগণের স্বার্থে বিতরণব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। সেটা নিয়ে কিছুটা অস্থিরতা, নতুন প্রক্রিয়ার সঙ্গে সমন্বয়ের সমস্যা—এগুলো হচ্ছে। কোনো কোনো ডিলার তাঁর বরাদ্দের সার উত্তোলন করছেন না। এ ধরনের ঘটনার কারণে কোনো জায়গায় কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। তবে তাঁরা আশা করছেন এটা বেশি দূর এগোবে না।"

গ্যাসের বর্তমান পরিস্থিতি ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে গিয়ে জাহেদ উর রহমান বলেন, "গ্যাসের যথেষ্ট ভালো একটা অবস্থানে যেতে দুই বছরের মতো সময় লাগবে। তার মানে এই না যে আগের চেয়ে খারাপ থাকবে।"

সচিবালয়ের ওই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।