শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার নড়িয়া উপজেলার গাগরীজোড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। ভিডিওতে ‘১৫ আগস্ট উপলক্ষে শোক র‍্যালি’ লেখা একটি ব্যানার নিয়ে শতাধিক ব্যক্তি ঢাকা-শরীয়তপুর সড়ক ধরে হাঁটছেন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া সেতুর ঢালে গাগরীজোড়া এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করছেন, যার ফলে সড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলটি পালং মডেল থানার কাছাকাছি হওয়ায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে তিনটি মোটরসাইকেলসহ আটক করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন শরীয়তপুর সদর উপজেলার তুষার আহমেদ (২৩), আল আমিন সরদার (২৬) ও রিয়াদ মুন্সি (৪৯)। গতকাল রাতে তাদের নড়িয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার সকালে নড়িয়া থানার এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

নড়িয়া থানার এসআই জসিম উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক ঢাকা-শরীয়তপুর সড়কে মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কর্মসূচির ভিডিও দেখে অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”