তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, বিগত ১৭ বছরের রেখে যাওয়া ব্যবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকার বর্তমানে একটি ‘সংবেদনশীল সময়’ অতিক্রম করছে। তবে তিনি বিশ্বাস করেন, গণমাধ্যম ও দেশের জনগণ পাশে থাকলে সরকার সঠিকভাবে এগিয়ে যেতে পারবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে অবহিত করতে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। এরপর মন্ত্রী ও উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আন্দালিভ রহমান পার্থ সাংবাদিকদের উদ্দেশে বলেন, “এটা মাথায় রাখবেন যে এটা স্বাভাবিক কোনো সময়ে আমরা সরকারে আসিনি। ১৭ বছরের যে সিস্টেম ছিল, সবকিছু মিলিয়ে আমরা প্রচণ্ড একটা সেনসেটিভ টাইম পার করছি।...আপনারা (গণমাধ্যম) ও দেশের মানুষ সঙ্গে থাকলে ঠিকমতো এগিয়ে যাব।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।