প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তেজগাঁও থানা শ্রমিক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমের’ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন কাশেমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানান। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওই দিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৫ আগস্ট দিন ধার্য করা হয়েছিল।

উল্লেখ্য, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে ২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়। রাজধানীর তেজগাঁও থানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারের সময় কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় নির্বাচনী প্রচারে বাধা ও হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ হামলা, ভাঙচুর এবং একাধিক ব্যক্তিকে মারাত্মকভাবে আহত করা হয় বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়।