স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করেছে।

ফুটবল ও প্রযুক্তির মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপনের লক্ষ্যেই টেকনো হামজা চৌধুরীর সঙ্গে এই অংশীদারত্বে আবদ্ধ হয়েছে। উল্লেখ্য, টেকনো ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পনসর হিসেবেও কাজ করছে।

এই চুক্তির অধীনে হামজা চৌধুরীকে টেকনোর বিভিন্ন পণ্য ও প্রচারণামূলক কার্যক্রমে দেখা যাবে। তিনি আসন্ন ক্যামন সিরিজের প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি ফুটবল-কেন্দ্রিক ডিজিটাল কনটেন্ট তৈরি, ভক্তদের নিয়ে বিভিন্ন আয়োজন এবং ভোক্তা প্রচারণায় যুক্ত থাকবেন।

টেকনোর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে হামজা চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “বাংলাদেশ আমার কাছে খুবই বিশেষ। এখানকার মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন সত্যিই অসাধারণ। টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি আনন্দিত। সামনে ভক্তদের জন্য একসঙ্গে দারুণ কিছু করার অপেক্ষায় আছি।”

আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক জানান, হামজা চৌধুরীর উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং লড়াকু মানসিকতার সঙ্গে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের গভীর মিল রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, আগামী মাসগুলোতে হামজাকে নিয়ে একাধিক প্রচারণা ও ফুটবলভিত্তিক আয়োজন করবে টেকনো।