গ্রীষ্মকালীন দলবদলের শেষ মুহূর্তে বড় চমক দিতে পারে আর্সেনাল। আতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে দলে নিতে নিজেদের দলবদলের সর্বোচ্চ রেকর্ড ভাঙার প্রস্তুতি নিচ্ছে লন্ডনের এই ক্লাবটি। তবে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর আগে আলভারেজ কিংবা আতলেটিকোর পক্ষ থেকে ইতিবাচক সংকেতের অপেক্ষায় রয়েছে তারা।

ইএসপিএন-এর সূত্র অনুযায়ী, মিকেল আর্তেতার দল তাদের আক্রমণভাগ শক্তিশালী করতে এখন প্রধান লক্ষ্য হিসেবে আলভারেজকে দেখছে। তারা দ্রুত আলোচনা শুরু করতে প্রস্তুত থাকলেও তার আগে খেলোয়াড়ের সম্মতি এবং আতলেটিকোর বিক্রির সিদ্ধান্ত প্রয়োজন।

তবে এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আলভারেজের ব্যক্তিগত পছন্দ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডের প্রথম পছন্দ বার্সেলোনা। প্রিমিয়ার লিগে ফেরার চেয়ে তিনি স্পেনেই থাকতে বেশি আগ্রহী।

এদিকে লা লিগার সরাসরি প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রি করতে রাজি নয় আতলেটিকো। তাদের এই অনড় অবস্থানই আর্সেনালের সামনে সম্ভাবনার পথ খুলে দিয়েছে। আলভারেজ যদি আতলেটিকো ছাড়ার সিদ্ধান্তে অটল থাকেন, তবে ইংলিশ ক্লাবটিই হতে পারে তার সবচেয়ে বাস্তবসম্মত গন্তব্য।

আলভারেজকে পেতে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ অর্থ খরচ করতেও প্রস্তুত আর্সেনাল। ২০২৩ সালে ওয়েস্ট হাম থেকে ডেকলান রাইসকে কিনতে ১০ কোটি ৫০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭৫৮ কোটি টাকা) ব্যয় করে তারা নিজেদের রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ড ভাঙতে পারে তারা। অন্যদিকে, খেলোয়াড়টিকে ছাড়তে আতলেটিকো প্রায় ১৫ কোটি ইউরো বা ২ হাজার ১৪৯ কোটি টাকা দাবি করতে পারে বলে জানা গেছে।

সম্প্রতি আতলেটিকো সমর্থকদের সঙ্গে আলভারেজের সম্পর্কের টানাপোড়েন সামনে এসেছে। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলের ড্র ম্যাচে শুরুর আগে তার নাম ঘোষণার সময় গ্যালারি থেকে দুয়ো দেওয়া হয়। ৬৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার সময়ও একই পরিস্থিতির মুখে পড়েন তিনি।

ম্যাচ শেষে সতীর্থরা সমর্থকদের অভিবাদন জানাতে গেলেও আলভারেজ সরাসরি মাঠ ছাড়েন। এই ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হলে কোচ দিয়েগো সিমিওনে জানান, ক্লাব কর্তৃপক্ষের নির্দেশেই তাকে গ্যালারির কাছে যেতে দেওয়া হয়নি। সমর্থকদের থেকে দূরে রেখে সরাসরি ড্রেসিংরুমে পাঠানো হয়েছিল এই ফরোয়ার্ডকে।

এখন আলভারেজ ও আতলেটিকোর পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে এই দলবদলের ভাগ্য। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সুযোগ পাওয়া মাত্রই বিশাল প্রস্তাব নিয়ে আলোচনায় নামতে প্রস্তুত প্রিমিয়ার লিগের এই ক্লাবটি।